আজ থেকে ডেঙ্গু নিয়ন্ত্রণে কা্জ করবে ৬৭ টি মেডিক্যাল টিম: সাঈদ খোকন

আজ থেকে ডেঙ্গু নিয়ন্ত্রণে ৬৭ টি মেডিক্যাল টিম কাজ করবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন। সকালে নগর ভবনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আয়োজিত ‘বিশেষ প্রাথমিক চিকিৎসা সেবাপক্ষ ২০১৯’ এর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান তিনি।
এ সময় গত বছরের চেয়ে এ বছর ডেঙ্গুর প্রকোপ কিছুটা বেশি হলেও আতঙ্কিত না হবার আহ্বান জানান ডিএসসিসি মেয়র।
তিনি বলেন, ডেঙ্গু মোকাবিলায় এরইমধ্যে ৬৭টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। ৪৭৬টি শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় প্রতিষ্ঠান যুক্ত করা হয়েছে। এরা ডেঙ্গুর বিষয়ে নাগরিকদের সচেতন করে তুলছে।
সাঈদ খোকন বলেন, স্বাস্থ্য অধিদপ্তর থেকে রোববার (১৪ জুলাই) বিকেল ৫টা পর্যন্ত ৪২৪৭ জন ডেঙ্গু আক্রান্ত ব্যক্তি দুই সিটি করপোরেশনের বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা নিয়েছেন। এখানে লক্ষ্যণীয় যে তারা শুধুমাত্র ঢাকার দুই সিটি করপোরেশনের বাসিন্দা নয়। তারা সারা বাংলাদেশ থেকে এসেছেন। এরইমধ্যে তাদের অধিকাংশই চিকিৎসা সেবা নিয়ে সুস্থ হয়ে ফিরে গিয়েছেন।
মেয়র আরও বলেন, সিটি করপোরেশনের এলাকার কোনো নাগরিক ডেঙ্গু ও চিকুনগুনিয়া কিংবা বর্ষাকালীন রোগে আক্রান্ত হলে তারা হট লাইনে (০৯৬১১০০০৯৯৯) কল করলে আমাদের মেডিক্যাল টিমের সদস্যরা বাড়িতে গিয়ে বিনামূল্যে চিকিৎসা এবং ওষুধ দেবেন। কেউ যদি মনে করেন তিনি ডেঙ্গু রোগে আক্রান্ত নন, তবে আশঙ্কা করছেন তিনিও সেবা নিতে পারবেন। এছাড়াও যেকোনো প্রাথমিক চিকিৎসা দেওয়া হবে নাগরিকদের।
বাংলাটিভি/ আসাদ রিয়েল



