বাংলাদেশ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিরোধীদলীয় নেতার একান্ত বৈঠক

বাংলা টিভি ডেস্ক: প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সঙ্গে একান্ত বৈঠক করেছেন বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার (১৮ নভেম্বর) মাগরিবের নামাজের আগে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁদের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সূত্রের বরাতে জানা গেছে, মাগরিবের নামাজের আগে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানকে চায়ের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সাড়া দিয়ে সংসদ ভবনে তাঁর কার্যালয়ে যান জামায়াত আমির। সেখানে দুই নেতার মধ্যে একান্তে আলোচনা হয়। বৈঠকে তাঁদের দুজন ছাড়া অন্য কেউ উপস্থিত ছিলেন না।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, আলোচনায় ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অতীতের মতো ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন দুই নেতা। একই সঙ্গে দেশের চলমান সহিংস পরিস্থিতি মোকাবিলায় রাজনৈতিক বিভেদ দূরে রেখে সম্মিলিত উদ্যোগ নেওয়ার বিষয়েও তাঁরা গুরুত্বারোপ করেন।

বৈঠকে জুলাই জাতীয় সনদ এবং গণভোটের রায় বাস্তবায়নসহ বিভিন্ন অমীমাংসিত বিষয় প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এসব বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

তবে বৈঠকে আলোচিত বিষয়গুলো নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে কি না, কিংবা আলোচনার পরিপ্রেক্ষিতে সরকার বা বিরোধী দলের পক্ষ থেকে নতুন কোনো পদক্ষেপ নেওয়া হবে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার এই ব্যক্তিগত বৈঠককে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। দুই শীর্ষ নেতার এ সাক্ষাৎ কেবল সৌজন্য বিনিময়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে, নাকি দেশের রাজনীতিতে সরকার ও বিরোধী দলের সম্পর্কের নতুন কোনো অধ্যায়ের সূচনা করবে—তা নিয়ে রাজনৈতিক মহলে আগ্রহ তৈরি হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button