বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছে মুসলমানরা

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় জনগোষ্ঠীর অবস্থান পরিবর্তনের সম্ভাবনা দেখছে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টার। সংস্থাটির সাম্প্রতিক জনসংখ্যা পূর্বাভাস অনুযায়ী, বর্তমান প্রবণতা বজায় থাকলে ২০৩৫ সালের মধ্যেই বিশ্বে মুসলিমের সংখ্যা খ্রিষ্টানদের ছাড়িয়ে যেতে পারে।
পিউ রিসার্চ সেন্টারের হিসাব বলছে, ২০৩৫ সালে বিশ্বে মুসলিম জনসংখ্যা বেড়ে প্রায় ২৫৭ কোটিতে পৌঁছাতে পারে। অন্যদিকে খ্রিষ্টানদের সংখ্যা দাঁড়াতে পারে প্রায় ২৫২ কোটি। অর্থাৎ, দুই ধর্মীয় জনগোষ্ঠীর মধ্যে ব্যবধান হতে পারে প্রায় পাঁচ কোটি।
গবেষকদের মতে, মুসলিম জনসংখ্যা বৃদ্ধির পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখছে তুলনামূলক উচ্চ জন্মহার। ২০২০ থেকে ২০২৫ সালের মধ্যে মুসলিম নারীদের গড় সন্তান জন্মদানের হার ছিল ৩ দশমিক ১। একই সময়ে খ্রিষ্টান নারীদের ক্ষেত্রে এ হার ছিল ২ দশমিক ৫। ফলে ধর্মান্তরের তুলনায় জন্মহারের পার্থক্যই মুসলিম জনসংখ্যা বৃদ্ধিতে বেশি প্রভাব ফেলছে।
গবেষণার তথ্য অনুযায়ী, ২০২০ সালে বিশ্বে খ্রিষ্টানদের সংখ্যা ছিল প্রায় ২২৭ কোটি। বিপরীতে মুসলিম জনসংখ্যা ছিল প্রায় ২০২ কোটি। তবে বর্তমান জনসংখ্যাগত ধারা অব্যাহত থাকলে আগামী কয়েক দশকে এই ব্যবধান কমে আসবে এবং একপর্যায়ে মুসলিমরা সংখ্যায় এগিয়ে যেতে পারে।
দীর্ঘমেয়াদি পূর্বাভাসে পিউ জানিয়েছে, ২০৭০ সালের মধ্যে বিশ্বে মুসলিম জনসংখ্যা ৩৬০ কোটি ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তখন বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ৩৬ শতাংশ হতে পারে মুসলিম। একই সময়ে খ্রিষ্টান জনগোষ্ঠীর সংখ্যা প্রায় ৩০০ কোটিতে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে।
দেশভিত্তিক হিসাবেও পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে গবেষণাটি। পূর্বাভাস অনুযায়ী, ২০৭০ সালের মধ্যে ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে পারে পাকিস্তান। এরপরের অবস্থানে থাকতে পারে ভারত, নাইজেরিয়া ও ইন্দোনেশিয়া।
২০২০ থেকে ২০৭০ সাল পর্যন্ত বিশ্বের সাতটি প্রধান ধর্মীয় জনগোষ্ঠীর সম্ভাব্য জনসংখ্যা নিয়ে এই গবেষণা পরিচালনা করেছে পিউ রিসার্চ সেন্টার। এতে বিশ্বের ২০১টি দেশ ও অঞ্চলের তথ্য বিশ্লেষণ করা হয়েছে। জনসংখ্যার বয়সভিত্তিক কাঠামো, জন্মহার, মৃত্যুহার, অভিবাসন এবং ধর্ম পরিবর্তনের প্রবণতাসহ বিভিন্ন বিষয় বিবেচনায় নেওয়া হয়েছে।
তবে গবেষকেরা স্পষ্ট করেছেন, এই পরিসংখ্যানকে নিশ্চিত ভবিষ্যদ্বাণী হিসেবে দেখার সুযোগ নেই। বরং বর্তমান জনসংখ্যাগত প্রবণতা ভবিষ্যতেও অব্যাহত থাকলে ধর্মীয় জনগোষ্ঠীগুলোর আকার কীভাবে পরিবর্তিত হতে পারে, সেটিই এই পূর্বাভাসে তুলে ধরা হয়েছে।
সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস ও সাউথ চায়না মর্নিং পোস্ট



