‘আমি মরা ভাই নেব না’ নিহত বিএনপি নেতার বোনের আহাজারি

বাংলা টিভি ডেস্ক: ‘আমি মরা ভাই নেব না, আমার ভাই জীবিত মিছিলে গেছে’—এমন হৃদয়বিদারক আহাজারিতে ভারী হয়ে ওঠে নড়াইলের কালিয়ার পরিবেশ। বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত সোহেল রানার বোনের কান্নার এই দৃশ্য ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় হামলার ঘটনা ঘটে। এতে উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক শাহীন ইসলাম ও উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক সোহেল রানা নিহত হন। উপজেলার বেন্দারচর এলাকার বটতলা মোড়ে এ হামলার ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল ও হাসপাতালে স্বজনদের আহাজারিতে শোকাবহ পরিস্থিতির সৃষ্টি হয়।
এদিকে দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, ভাঙচুর, ককটেল বিস্ফোরণ, পেট্রোলবোমা নিক্ষেপ ও সড়ক অবরোধের মতো সহিংস ঘটনার খবর পাওয়া গেছে। এসব ঘটনার জন্য বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের দায়ী করা হচ্ছে।
বুধবার রাতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বাস, ট্রাক ও ভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। কোথাও ককটেল বিস্ফোরণ, কোথাও সড়ক অবরোধ করা হয়। হাসপাতালেও হামলা ও অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। এর আগের রাতেও একটি ট্রেনে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন দেওয়ার ঘটনায় ঘুমন্ত অবস্থায় দগ্ধ হয়ে প্রাণ হারান এক বাসহেলপার। নারায়ণগঞ্জে বাস, লেগুনা ও ট্রেনে অগ্নিসংযোগ করা হয়। পিরোজপুরের নাজিরপুরে কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে যায়। ইউনিয়ন পরিষদ ভবনেও আগুন দেওয়ার চেষ্টা করা হয়।
এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে গ্রামীণ ব্যাংকের কার্যালয়, বিএনপির দলীয় কার্যালয় ও রেলস্টেশনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। কয়েকটি স্থানে পেট্রোলবোমা নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণের পাশাপাশি বোমাসদৃশ বস্তু উদ্ধারের খবর পাওয়া গেছে।
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় ফরিদপুরের ভাঙ্গায় ককটেল হামলায় উপজেলা কৃষক দলের সহসাংগঠনিক সম্পাদক রাজু মোল্লা নিহত হন। অন্যদিকে চট্টগ্রামের পাঁচলাইশে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতেও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
কালিয়ায় বিএনপির শোভাযাত্রায় হামলা, নিহত দুই
নড়াইলের পুলিশ সুপার শিকদার আল-মামুন জানান, নিহত শেখ শাহীন কালিয়া পৌরসভার মির্জাপুর গ্রামের নিছার উদ্দিনের ছেলে। অপর নিহত সোহেল বড় কালিয়া গ্রামের মোতালেব মোল্যার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সন্ধ্যার পর কালিয়া পৌরসভার বিভিন্ন সড়কে মোটরসাইকেল ও গাড়ি নিয়ে শোভাযাত্রা বের করেন উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। প্রায় অর্ধশত মোটরসাইকেল ও গাড়ির ওই শোভাযাত্রাটি সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজন করা হয়েছিল।
শোভাযাত্রাটি বেন্দারচর গ্রামের রাস্তা দিয়ে বটগাছের উত্তর পাশের সড়ক হয়ে বিপ্লব বিশ্বাসের বাড়ির পূর্ব পাশে খালের কাছে পৌঁছালে হামলার ঘটনা ঘটে।
বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, সেখানে আগে থেকেই আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের তিন থেকে চারশ নেতাকর্মী অবস্থান করছিলেন। হামলার সময় বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। এতে বিএনপির কয়েকজন নেতাকর্মী গুরুতর আহত হন।
আহতদের মধ্যে শেখ শাহীন, সোহেল মোল্লা ও কালিয়া পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মফিজুর রহমানকে আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে খুলনায় নেওয়ার পথে শাহীন ও সোহেলের মৃত্যু হয়।
বাসে অগ্নিসংযোগ, প্রাণ গেল ঘুমন্ত হেলপারের
পিরোজপুরের ভাণ্ডারিয়া বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা দুটি বাসে বুধবার ভোর ৪টার দিকে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এতে বাসের ভেতরে ঘুমিয়ে থাকা মো. সিয়াম হাওলাদার দগ্ধ হয়ে মারা যান।
নিহত সিয়াম বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের ইদিলকাঠি গ্রামের কৃষক কবির হোসেন হাওলাদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভাণ্ডারিয়া বাসস্ট্যান্ডে বরিশাল মালিক সমিতির ‘বাহক’ এবং ঝালকাঠি মালিক সমিতির ‘লিসা’ নামের দুটি বাস দাঁড় করানো ছিল। দুর্বৃত্তরা বাস দুটিতে আগুন ধরিয়ে দেয়।
টহল পুলিশ আগুন দেখতে পেয়ে আশপাশের বাসে ঘুমিয়ে থাকা লোকজনকে নিরাপদে সরিয়ে নেয় এবং ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনে সিয়ামের মরদেহ উদ্ধার করেন। ভাণ্ডারিয়া থানার ওসি মো. জগলুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সিয়াম দীর্ঘদিন ধরে পিরোজপুর-মঠবাড়িয়া রুটে বাসের হেলপার হিসেবে কাজ করতেন। দুই ভাইয়ের মধ্যে তিনি ছিলেন বড়। তাঁর ছোট ভাই সিফাত একটি হাফেজি মাদ্রাসায় পড়াশোনা করে। ছয় বছর আগে ক্যানসারে মারা যান তাঁদের মা।
পরিবারের একমাত্র উপার্জনক্ষম সন্তানকে হারিয়ে দিশেহারা স্বজনরা। সিয়ামের সৎমা শিল্পী বেগম বলেন, ‘আমাদের সংসারের একমাত্র উপার্জনকারী ছিল সিয়াম। ওকে হারিয়ে আমরা এখন পুরোপুরি অসহায় হয়ে পড়লাম।’
ড. ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন
বুধবার রাতে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বাড়িটিতে কেয়ারটেকার ছাড়া অন্য কেউ বসবাস করেন না।
রাতের আঁধারে বাড়ির ভেতরে আগুন জ্বলতে দেখা যায়। তবে এ ঘটনার কোনো প্রত্যক্ষদর্শীর বক্তব্য পাওয়া যায়নি। বাউন্ডারি দিয়ে ঘেরা বাড়িটির ভেতরে আগুন জ্বলতে থাকার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এদিকে একই রাতে চট্টগ্রাম নগরীর নিউমার্কেট এলাকায় পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
নাজিরপুরে ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ল, ইউপি ভবনে আগুনের চেষ্টা
পিরোজপুরের নাজিরপুরে গভীর রাতে দুর্বৃত্তদের অগ্নিসংযোগে কবিরাজবাড়ী বাজারের চারটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। একই রাতে শাখারিকাঠি ইউনিয়ন পরিষদ ভবনেও আগুন দেওয়ার চেষ্টা করা হয়।
এ ছাড়া মাটিভাঙ্গা ইউনিয়নের অতুলনগরে পিরোজপুর-গোপালগঞ্জ আঞ্চলিক মহাসড়কে কাঠ জড়ো করে আগুন ধরিয়ে দেওয়া হয়।
অন্যদিকে মাদারীপুরের শিবচর ও জাজিরা উপজেলার সীমান্তবর্তী এলাকায় বুধবার রাতে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে গাছ কেটে ফেলে যান চলাচলে বাধা সৃষ্টি করে দুর্বৃত্তরা।
রাজধানীসহ বিভিন্ন স্থানে বাস, লেগুনা ও ট্রেনে আগুন
রাজধানীর পল্লবীতে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। বুধবার বিকেল ৫টার দিকে পল্লবী থানার সাগুফতা ফুড কোর্টের সামনে এ ঘটনা ঘটে। পরে বাসের কর্মচারী ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
এ ছাড়া রাজধানীর শাহজাহানপুর ও শ্যামপুর এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। শাহজাহানপুরে বিস্ফোরণে নাসিমা বেগম (৪০) নামে এক নারী গুরুতর আহত হন।
নারায়ণগঞ্জের রূপগঞ্জ, সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লায় একই রাতে তিনটি বাস, দুটি লেগুনা এবং একটি ট্রেনে অগ্নিসংযোগ করা হয়।
গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পশ্চিম চান্দরা এলাকায় একটি মিনি কাভার্ড ভ্যানে আগুন দেওয়া হয়। রংপুর নগরীর পর্যটনপাড়ায় ঢাকা-রংপুর মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসেও মঙ্গলবার গভীর রাতে আগুন দেওয়া হয়। তবে ঘটনার সময় বাসে কোনো যাত্রী বা চালক ছিলেন না।
বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর বাইচখোলা এলাকায় একটি ট্রাক লক্ষ্য করে পেট্রোলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। একই রাতে উপজেলার খাঞ্জাপুরের ফকিরবাড়ি এলাকায় মহাসড়কের ওপর গাছের গুঁড়ি ফেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।
বিএনপির কার্যালয় ও বাড়িতে অগ্নিসংযোগ
নেত্রকোনার বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়ন বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে দলীয় কার্যালয়ের পাশাপাশি পাশের একটি লাকড়ির দোকানও পুড়ে যায়।
একই উপজেলার পরিত্যক্ত অতিথপুর রেলস্টেশনের প্ল্যাটফর্মেও আগুন দেওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
চট্টগ্রামের বাঁশখালীতে বিএনপি নেতা ও কালীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরীর বাড়ির প্রধান দরজায় পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
দেশের বিভিন্ন স্থানে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন
দেশের কয়েকটি জেলায় গ্রামীণ ব্যাংকের বিভিন্ন কার্যালয় ও শাখায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
চট্টগ্রামের সাতকানিয়ায় গ্রামীণ ব্যাংকের এরিয়া অফিস এবং ঢেমশা শাখার ভবনের প্রধান ফটকে আগুন দেওয়া হয়। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে।
টাঙ্গাইলের বাসাইলে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে নৈশপ্রহরী ও কর্মকর্তারা পানি এবং বালি ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফরিদপুরের সালথায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন দেওয়ার চেষ্টা করা হলে ব্যবস্থাপক ও কর্মীরা দ্রুত তা নিভিয়ে ফেলেন।
হবিগঞ্জের নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের কালিয়ারভাঙ্গা শাখার সাইনবোর্ড ও ব্যানারে আগুন দেওয়া হয়। অন্যদিকে রাজশাহীর বনলতা আবাসিক এলাকায় গ্রামীণ ব্যাংকের জোনাল অফিস, জোনাল অডিট অফিস ও বিভাগীয় কার্যালয় লক্ষ্য করে তিনটি পেট্রোলবোমা নিক্ষেপ করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে হেলমেট পরা দুই যুবককে পেট্রোলবোমা নিক্ষেপ করতে দেখা যায়।
এ ছাড়া বরিশাল নগরীর সিএন্ডবি সড়কে গ্রামীণ ব্যাংকের জোনাল অফিসে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়। একই সময়ে বিএম কলেজের মসজিদ গেটসংলগ্ন সড়কে সাত থেকে আটজনের একটি দল আগুন ধরিয়ে দেয়।
ককটেল বিস্ফোরণ, বিভিন্ন স্থান থেকে উদ্ধার বোমাসদৃশ বস্তু
বগুড়া সদর উপজেলা পরিষদের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে মাটিডালী এলাকায় এ ঘটনা ঘটে। ককটেল নিক্ষেপের পর স্লোগান দিয়ে মোটরসাইকেলে করে ঘটনাস্থল ত্যাগ করে দুর্বৃত্তরা।
নাটোরের গুরুদাসপুরে চাপিলা ইউনিয়ন বিএনপি কার্যালয় লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপ করা হয়। মঙ্গলবার রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।
অন্যদিকে মেহেরপুরের গাংনী উপজেলার পৃথক দুটি স্থান থেকে লাল টেপে মোড়ানো ছয়টি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। গাংনী থানার ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, উদ্ধার করা বস্তুগুলো প্রকৃত বোমা কি না, তা পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।
খুলনা নগরীতে রাতের বেলায় জজকোর্টের বারান্দা ও সার্কিট হাউসের মাঠে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে পরপর দুটি বিস্ফোরণ ঘটে।
দেশের বিভিন্ন স্থানে এসব সহিংসতা, অগ্নিসংযোগ ও বিস্ফোরণের ঘটনায় জনমনে আতঙ্ক তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা এবং ঘটনার তদন্তের বিষয়টি এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।



