৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন

বাংলা টিভি ডেস্ক: দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সাত জেলায় ৯৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি প্রয়োজন দেখা দিলে দায়িত্ব পালনের জন্য আরও পাঁচ প্লাটুন বিজিবি সদস্যকে প্রস্তুত রাখা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, মোতায়েন করা বিজিবি সদস্যদের মধ্যে ঢাকা জেলায় ২৩ প্লাটুন, চট্টগ্রামে ১৫ প্লাটুন, নারায়ণগঞ্জে ৬ প্লাটুন, গাজীপুরে ১৫ প্লাটুন, গোপালগঞ্জে ২৭ প্লাটুন, ময়মনসিংহে ২ প্লাটুন এবং ফরিদপুরে ৩ প্লাটুন রয়েছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় এসব সদস্য সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন। নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চলসহ বিভিন্ন স্পর্শকাতর স্থানে নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
একই সঙ্গে সম্ভাব্য বিশৃঙ্খলা, সহিংসতা এবং জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ যেকোনো কর্মকাণ্ড প্রতিরোধে কাজ করছেন বিজিবি সদস্যরা।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণ ও কার্যক্রমের মধ্যে সমন্বয় বজায় রাখতে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তির মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে। এ কাজে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে।
বিজিবি জানায়, সীমান্তে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের অভ্যন্তরে মোতায়েন করা সদস্যরা পেশাদারিত্ব, শৃঙ্খলা ও ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করছেন। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কর্মকাণ্ড নির্বিঘ্ন রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।



