হাসপাতাল থেকে জব্দ করা হলো রোগী-স্বজনদের পান-সুপারি-জর্দা

বাংলা টিভি ডেস্ক: হাসপাতালের পরিবেশ ও পরিচ্ছন্নতা বজায় রাখতে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে অভিযান চালিয়েছে কর্তৃপক্ষ। এ সময় বিভিন্ন ওয়ার্ড থেকে বিপুল পরিমাণ পান, সুপারি, জর্দা ও চুন জব্দ করা হয়।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে এ অভিযান পরিচালনা করা হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, চিকিৎসাসেবার পরিবেশ স্বাভাবিক রাখা এবং রোগীদের স্বাস্থ্যঝুঁকি কমাতে হাসপাতাল এলাকায় পান-সুপারি খাওয়া থেকে বিরত থাকার জন্য নিয়মিত মাইকিং করা হচ্ছিল। রোগী ও তাঁদের স্বজনদের এ বিষয়ে বারবার সচেতন করা হলেও পরিস্থিতির পরিবর্তন হয়নি।
অভিযোগ রয়েছে, পান খাওয়ার পর হাসপাতালের বিভিন্ন স্থানে পানের পিক ও চুনের দাগ ফেলে রাখা হচ্ছে। এতে হাসপাতালের পরিবেশ ও পরিচ্ছন্নতা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বারবার সতর্ক করার পরও এমন কর্মকাণ্ড বন্ধ না হওয়ায় শেষ পর্যন্ত অভিযান চালানোর সিদ্ধান্ত নেয় হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. প্রণয় কান্তি দাশ বলেন, হাসপাতালের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এর আগে রোগী ও তাঁদের স্বজনদের পান-সুপারি না খাওয়ার বিষয়ে একাধিকবার অনুরোধ ও সচেতন করা হয়েছে। কিন্তু তাঁরা বিষয়টি গুরুত্ব না দেওয়ায় বাধ্য হয়ে অভিযান চালাতে হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, রোগীদের সুস্থ পরিবেশে চিকিৎসাসেবা নিশ্চিত করতে পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা বজায় রাখার কার্যক্রম অব্যাহত থাকবে।



