বাংলাদেশপ্রধানমন্ত্রী

লালমনিরহাট পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাংলা টিভি ডেস্ক: এক দিনের সরকারি সফরে লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) সকাল সাড়ে ১০টার দিকে হেলিকপ্টারে করে জেলার এয়ারফিল্ডে অবতরণ করেন তিনি।

প্রধানমন্ত্রীকে স্বাগত জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এবং লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য আসাদুল হাবিব দুলু, বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁনসহ রংপুর বিভাগ ও লালমনিরহাট জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এর আগে সকাল সাড়ে ৮টার দিকে নিজ বাসভবন থেকে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। পরে সকাল ৯টায় হেলিকপ্টারে লালমনিরহাটের উদ্দেশে যাত্রা শুরু করেন তিনি।

সফরসূচি অনুযায়ী, লালমনিরহাটে পৌঁছে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন তারেক রহমান। এ সময় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পরিদর্শনেরও কথা রয়েছে তাঁর।

এরপর সদর উপজেলার মহেন্দ্রনগরে পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি স্থানীয় উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।

সেখান থেকে লালমনিরহাট সার্কিট হাউসে যাত্রাবিরতি শেষে জেলা কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক অনুষ্ঠানে যোগ দেবেন সরকারপ্রধান।

দিনব্যাপী এসব কর্মসূচি শেষ করে বৃহস্পতিবার সন্ধ্যায় হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে লালমনিরহাট ত্যাগ করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

সংশ্লিষ্ট খবর

Back to top button