আগামী ৩ বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

বাংলা টিভি ডেস্ক: আগামী তিন বছরের মধ্যে বাংলাদেশ নিজস্ব প্রযুক্তিতে তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বিদেশি প্রযুক্তির ওপর নির্ভরশীল না থেকে দেশের তরুণদের মেধা, সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে এগিয়ে যেতে চায় সরকার।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাটে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, বিজ্ঞান ও প্রযুক্তিতে পিছিয়ে থাকলে একটি দেশের সামগ্রিক অগ্রগতি বাধাগ্রস্ত হয়। বিশেষ করে তরুণ সমাজের উন্নয়ন ও ভবিষ্যৎ নির্ভর করে বিজ্ঞানভিত্তিক জ্ঞান ও প্রযুক্তিগত দক্ষতার ওপর। তাই তরুণদের আধুনিক সুযোগ-সুবিধা এবং প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করা গেলে তারা বিশ্বজুড়ে উদ্ভাবনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে।
তিনি আরও বলেন, সঠিক দিকনির্দেশনা ও সহযোগিতা পেলে দেশের তরুণরা আকাশও জয় করতে সক্ষম। তাদের মেধা ও সৃজনশীলতাকে যথাযথভাবে কাজে লাগানোর সুযোগ তৈরি করতে হবে।
তারেক রহমান জানান, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার অন্যতম এভিয়েশন হাবে পরিণত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এই লক্ষ্য বাস্তবায়নে তরুণ প্রজন্মের দক্ষতা, মেধা ও উদ্ভাবনী চিন্তাকে কাজে লাগানো জরুরি।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের গতানুগতিক চিন্তার বাইরে গিয়ে নতুন কিছু উদ্ভাবনের আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, সম্ভাবনাময় তরুণদের উদ্ভাবনী চিন্তা যেন প্রয়োজনীয় সহায়তার অভাবে হারিয়ে না যায়, সে বিষয়ে সরকার গুরুত্ব দেবে।
তরুণ উদ্ভাবকদের পাশে থাকার আশ্বাস দিয়ে তিনি জানান, বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন ক্ষেত্রে নতুন ধারণা বাস্তবায়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।



