দুর্ঘটনায় আহতকে বাঁচাতে গিয়ে দেখলেন ছেলেটি তার নিজেরই সন্তান

আন্তর্জাতিক ডেস্ক: জরুরি সড়ক দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকাজে অংশ নিতে ঘটনাস্থলে ছুটে গিয়েছিলেন এক প্যারামেডিক। কিন্তু সেখানে পৌঁছে জানতে পারেন, দুর্ঘটনায় গুরুতর আহত ব্যক্তি আর কেউ নন, তাঁর নিজের ছেলে। যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যে ঘটে যাওয়া এই হৃদয়বিদারক ঘটনা নাড়িয়ে দিয়েছে অনেকের মন।
গত ১৬ নভেম্বর সন্ধ্যায় উটাহর সিগার্ড শহরে প্রতিবেশীর গাড়ি মেরামতের কাজে সহযোগিতা করতে গিয়ে দুর্ঘটনার শিকার হন ২৮ বছর বয়সী লোগান মামফোর্ড। গাড়ির নিচে কাজ করার একপর্যায়ে হঠাৎ জ্যাক থেকে গাড়িটি পড়ে যায়। এতে গাড়ির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন তিনি।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান উদ্ধারকর্মীরা। তাঁদের দলের সদস্য ছিলেন লোগানের মা ট্রিশিয়া মামফোর্ড। তিনি সেভিয়ার কাউন্টির একজন প্যারামেডিক হিসেবে দায়িত্ব পালন করেন। তবে ঘটনাস্থলে পৌঁছানোর পর আহত ব্যক্তির পরিচয় জানার আগপর্যন্ত তিনি বুঝতে পারেননি, উদ্ধার করতে আসা রোগীটি তাঁর নিজের সন্তান।
পরিস্থিতি বুঝতে পেরে সহকর্মীদের সঙ্গে ছেলেকে উদ্ধারের কাজে অংশ নেন ট্রিশিয়া। গুরুতর মাথায় আঘাত পাওয়া লোগানকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়। কিন্তু চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি তাঁকে।
লোগান ছিলেন দুই সন্তানের বাবা। তাঁর তিন বছর বয়সী একটি ছেলে এবং এক বছর বয়সী একটি মেয়ে রয়েছে। বাবাকে হারিয়ে অল্প বয়সেই বড় অনিশ্চয়তার মুখে পড়ল শিশু দুটি।
এ ঘটনায় সেভিয়ার কাউন্টি ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এক বিবৃতিতে জানায়, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রশিক্ষিত হলেও নিজের সন্তানের এমন দুর্ঘটনার মুখোমুখি হওয়ার মানসিক প্রস্তুতি কোনো মায়ের পক্ষেই নেওয়া সম্ভব নয়।
প্রতিবেশীর গাড়ি মেরামতে সাহায্য করতে গিয়েই শেষ পর্যন্ত প্রাণ হারান লোগান। কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, অন্যের বিপদে পাশে দাঁড়ানোর যে মানসিকতা তাঁর ছিল, দুর্ঘটনার দিনও তারই পরিচয় দিয়েছিলেন তিনি।
সূত্র: এবিসি নিউজ ও কেএসএল



