মিস ইউনিভার্সে সেরা ৩০-এ বিদায়, তবুও দুই বিভাগে সেরা মাহি

বিনোদন ডেস্ক: মিস ইউনিভার্সের ৭৫তম আসরে বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে আলোচনায় এসেছেন মডেল ও অভিনেত্রী সামিরা খান মাহি। মূল প্রতিযোগিতার সেরা ৩০-এ জায়গা করে নিতে না পারলেও দর্শকদের ভোটে দুটি বিভাগে বিজয়ী হয়েছেন তিনি। পাশাপাশি ন্যাশনাল কস্টিউম বিভাগে প্রথম রানারআপ হওয়ার স্বীকৃতিও পেয়েছেন বাংলাদেশের এই প্রতিনিধি।
প্রতিযোগিতার সুইমস্যুট ও ইভনিং গাউন—উভয় বিভাগেই পাবলিক ফ্যান ভোটিংয়ে জয় পেয়েছেন মাহি। ফলে মূল মুকুটের লড়াইয়ে এগিয়ে যেতে না পারলেও বিশেষ বিভাগগুলোর অর্জনে দেশের জন্য সম্মান বয়ে এনেছেন তিনি।
সুইমস্যুট পর্বে ব্যতিক্রমী পোশাক ও আত্মবিশ্বাসী উপস্থিতির মাধ্যমে দর্শকদের নজর কাড়েন মাহি। প্রচলিত বিকিনির পরিবর্তে পুরো শরীর ঢাকা নীল রঙের ফিটিং পোশাকে মঞ্চে হাজির হন তিনি। পোশাকটির সঙ্গে পেছনে ছড়িয়ে থাকা লম্বা নীল কাপড় তাঁর উপস্থাপনাকে আরও আলাদা করে তোলে।
তাঁর এই ভিন্নধর্মী সাজ ও পারফরম্যান্স সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা পায়। শেষ পর্যন্ত দর্শকদের ভোটেও এই বিভাগে বিজয়ী হন তিনি।
শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজের এই অর্জনের খবর জানান মাহি। সেখানে তিনি উল্লেখ করেন, ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় সুইমস্যুট ও ইভনিং গাউন—দুই বিভাগেই পাবলিক ফ্যান ভোটিংয়ে বাংলাদেশ জয়ী হয়েছে। এ ছাড়া ন্যাশনাল কস্টিউম বিভাগে প্রথম রানারআপ হওয়ার স্বীকৃতি এসেছে দেশের ঝুলিতে।
বিশ্বমঞ্চে দেশের প্রতিনিধিত্ব করতে পেরে নিজের অনুভূতি প্রকাশ করে মাহি জানান, এই অর্জন শুধু তাঁর একার নয়, বরং দেশের সব মানুষের। দর্শকদের ভালোবাসা ও সমর্থনকে তিনি বিশেষভাবে স্মরণ করেন।
অন্য একটি পোস্টে বিশেষ পুরস্কারের তালিকায় বাংলাদেশের নামের পাশে নিজের নাম দেখে কৃতজ্ঞতা প্রকাশ করেন এই মডেল-অভিনেত্রী। পুরো প্রতিযোগিতায় সমর্থকদের দোয়া, ভালোবাসা ও উৎসাহ তাঁকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জুগিয়েছে বলেও জানান তিনি।
প্রতিযোগিতার প্রতিটি ধাপে হৃদয়ে বাংলাদেশকে ধারণ করেছেন উল্লেখ করে মাহি বলেন, দেশের মানুষের কাছ থেকে পাওয়া ভালোবাসাই তাঁর কাছে সবচেয়ে বড় প্রাপ্তি।



