
দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার, ‘ডামি ও প্রহসনের নির্বাচনে’ অবৈধ সংসদ বাতিল এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে ৩০ জানুয়ারি দেশের সব মহানগর, জেলা, উপজেলা ও থানা পর্যায়ে একযোগে কালো পতাকা মিছিল কর্মসূচির ঘোষণা করেছে বিএনপি।
শনিবার নয়া পল্টনের দলীয় কার্যালয়ের সামনে কালো পতাকা মিছিল শুরুর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় সংক্ষিপ্ত বক্তব্যে এ কর্মসূচির এ ঘোষণা দেন।
মিছিলের আগে দেওয়া বক্তব্যে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আওয়ামী লীগ সরকার জনগণের সরকার নয়। তাই এই সরকার আমরা মানি না। আমাদের অনেক লড়াই। বাঁচার লড়াই, ভোটের লড়াই। তার সঙ্গে রয়েছে সংবিধান ও সার্বভৌমত্বের লড়াই। রাজপথে যখন নেমেছি, রাজপথে থেকেই আমাদের অধিকার আদায় করতে হবে।
এই কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খানসহ বিএনপি জাতীয় স্থায়ী কমিটি ও জাতীয় নির্বাহী কমিটির নেতারা।
ওএস/এএফ/বাংলা টিভি



