রাজনীতিআওয়ামী লীগ

মঙ্গলবার সারা দেশে আওয়ামী লীগের শান্তি, গণতন্ত্র ও উন্নয়ন সমাবেশ: ওবায়দুল কাদের

আগামী মঙ্গলবার (৩০ জানুয়ারি) দেশের সব মহানগর, জেলা ও উপজেলায় ‘শান্তি, গণতন্ত্র ও উন্নয়ন’ সমাবেশ করবে আওয়ামী লীগ।

বিকালে বঙ্গবন্ধু এভিনিউতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ‘শান্তি ও গণতন্ত্র’ শীর্ষক সমাবেশে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এ সময় তিনি বলেন, ‘‘আওয়ামী লীগের নেতাকর্মীরা ৩০ তারিখ পতাকা হাতে ‘শান্তি, গণতন্ত্র ও উন্নয়ন’ সমাবেশে অংশ নেবেন। তারা সতর্ক পাহারায় থাকবেন।

বিএনপিকে ‘অপ, সাম্প্রদায়িক শক্তি’ হিসেবে মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘এদের আমরা আর বাড়তে দিতে পারি না, রুখতে হবে। স্বাধীনতার সপক্ষের শক্তিকে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে।’

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন— আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রাজ্জাক, মোস্তফা জালাল মহিউদ্দিন, কামরুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক হাছান মাহমুদ, মাহবুবউল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক প্রমুখ।

প্রসঙ্গত, ‘অবৈধ ডামি’ সংসদ বাতিল ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে দেশের সব মহানগর, থানা, জেলায়, উপজেলায় মঙ্গলবার (৩০ জানুয়ারি) কালো পতাকা মিছিলের ঘোষণা করেছে বিএনপি। শনিবার (২৭ জানুয়ারি) নয়া পল্টনের দলীয় কার্যালয়ের সামনে কালো পতাকা মিছিল শুরুর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এই ঘোষণা দেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button