আন্তর্জাতিক

ইসলাম গ্রহণের পর ৮০ জনকে উমরাহ পালনের সুযোগ দিল কিরগিজস্তান

আন্তর্জাতিক ডেস্ক: ইসলাম গ্রহণের পর পবিত্র মক্কা ও মদিনা সফরের বিশেষ সুযোগ পেয়েছেন কিরগিজস্তানের ৮০ জন নবমুসলিম। তাঁদের প্রত্যেককে উমরাহ পালনের জন্য বিনা মূল্যে ভ্রমণ প্যাকেজ উপহার দেওয়া হয়েছে। বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে এ ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে।

কিরগিজস্তানের মুসলিমদের ধর্মীয় পরিদপ্তর (এসডিএমকে) এ তথ্য জানিয়েছে। দেশটির রাজধানী বিশকেকের ইমাম সারাখসি মসজিদে আয়োজিত এক অনুষ্ঠানে নবমুসলিমদের হাতে উমরাহ সফরের প্যাকেজ তুলে দেওয়া হয়।

উপহার পাওয়া ৮০ জনের মধ্যে ৫৫ জন রুশ বংশোদ্ভূত এবং বাকি ২৫ জন কোরীয় বংশোদ্ভূত। দেশটির একটি ভ্রমণ সংস্থা মুসলিমদের ধর্মীয় পরিদপ্তরের সঙ্গে যৌথভাবে এই দাতব্য কর্মসূচির আয়োজন করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিরগিজস্তানের উপ-মুফতি রাফাইল তাতিকভ। তিনি নবমুসলিমদের উদ্দেশে বক্তব্য দেন এবং তাঁদের নতুন ধর্মীয় জীবনের জন্য দোয়া করেন। পাশাপাশি পবিত্র ভূমিতে তাঁদের যাত্রা নিরাপদ ও সুন্দর হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

উদ্যোগটির উদ্দেশ্য সম্পর্কে ভ্রমণ সংস্থাটির প্রধান মাদালি ওইতেমিরভ জানান, বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষের মধ্যে পারস্পরিক বোঝাপড়া, সৌহার্দ্য ও সম্প্রীতি বাড়ানোই এ আয়োজনের অন্যতম লক্ষ্য। উমরাহ সফরের অংশ হিসেবে নবমুসলিমরা সৌদি আরবের পবিত্র মক্কা ও মদিনার গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থানগুলো পরিদর্শন করবেন।

এদিকে বিশ্বজুড়ে মুসলিম জনসংখ্যাও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের ২০২৫ সালের গবেষণা অনুযায়ী, ২০১০ থেকে ২০২০ সালের মধ্যে বিশ্বে মুসলিম জনসংখ্যা প্রায় ৩৪ কোটি ৭০ লাখ বেড়েছে। তবে এই বৃদ্ধির প্রধান কারণ জন্মহার ও জনসংখ্যাগত পরিবর্তন; শুধু ধর্মান্তরের কারণে নয়।

উল্লেখ্য, হজের মতো উমরাহ পালনের জন্য নির্দিষ্ট কোনো মৌসুমের বাধ্যবাধকতা নেই। ইসলামি বর্ষপঞ্জির বছরের যেকোনো সময় মুসলমানরা পবিত্র উমরাহ পালন করতে পারেন।

সূত্র: দ্য ইসলামিক ইনফরমেশন ও পিউ রিসার্চ সেন্টার

সংশ্লিষ্ট খবর

Back to top button