বিয়ের একদিন পরই বটি হাতে মিমি!

বিনোদন ডেস্ক: সম্প্রতি বিয়ের খবর দিয়ে আলোচনায় এসেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। গত ২৬ নভেম্বর মেরিন ইঞ্জিনিয়ার সিদ্ধার্থ দত্তের সঙ্গে আইনি বিয়ে সম্পন্ন করেন তিনি। ঘরোয়া আয়োজনে বিয়ের পর নবদম্পতির ছবি প্রকাশ্যে আসতেই ভক্তদের শুভেচ্ছা ও অভিনন্দনে ভাসছেন এই অভিনেত্রী।
তবে বিয়ের সাজে আলোচনায় থাকার মধ্যেই এবার সম্পূর্ণ ভিন্ন এক অবতারে হাজির হলেন মিমি। হাতে ধারালো বটি, চোখেমুখে ক্ষোভ আর অন্যায়ের বিরুদ্ধে প্রতিশোধের আগুন—এমনই এক ভয়ংকর অ্যাকশন রূপে দেখা গেছে তাঁকে। অবশ্য বাস্তব জীবনের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। এটি তাঁর আসন্ন সিনেমা ‘তাণ্ডব’-এর একটি দৃশ্য।
গত শনিবার সন্ধ্যায় প্রকাশ করা হয়েছে সিনেমাটির ২ মিনিট ২১ সেকেন্ডের ট্রেলার। আর সেখানেই অ্যাকশনধর্মী চরিত্রে মিমির উপস্থিতি দর্শকদের নজর কেড়েছে।
সিনেমায় জয়ী নামের একটি চরিত্রে অভিনয় করেছেন মিমি। গল্পে দুষ্কৃতীদের হাতে অপহৃত হয় তাঁর ছোট্ট সন্তান। সন্তানকে খুঁজে বের করতে মরিয়া হয়ে ওঠেন জয়ী। একপর্যায়ে হাতে বটি নিয়ে তাঁর মুখে শোনা যায়, ‘আমার ছেলে কোথায়?’ সংলাপটি।
ট্রেলারে প্রেমিকা ও মা—দুই পরিচয়ের পাশাপাশি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী এক সাহসী নারীর চরিত্রেও দেখা গেছে অভিনেত্রীকে। সেখানে তাঁর মুখে শোনা যায়, ‘লড়াই শেষ না, এবার অত্যাচার শেষ হবে।’ সব মিলিয়ে সিনেমাটিতে মিমির অ্যাকশন অবতার নতুন করে কৌতূহল তৈরি করেছে দর্শকদের মধ্যে।
অয়ন চক্রবর্তীর গল্প ও নির্মাণে তৈরি হয়েছে ‘তাণ্ডব’। সিনেমাটি প্রযোজনা করেছেন রাজ চক্রবর্তী ও তাঁর স্ত্রী অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। এতে খলনায়কের চরিত্রে অভিনয় করেছেন রজতাভ দত্ত।
এদিকে মিমির বিয়ের আনুষ্ঠানিকতা আরও বড় পরিসরে আয়োজনের কথা রয়েছে আগামী ৫ ডিসেম্বর। এর ঠিক এক দিন আগে, ৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে তাঁর অভিনীত ‘তাণ্ডব’ সিনেমার।
ব্যক্তিজীবনে নতুন অধ্যায় শুরু এবং পর্দায় ব্যতিক্রমী অ্যাকশন চরিত্র—দুই বিষয় নিয়েই এখন আলোচনায় রয়েছেন মিমি চক্রবর্তী।



